শনিবার, ৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪ সফর, ১৪৪৮ হিজরি

বিএনপি সকল সম্প্রদায়ের নিরাপদ ঠিকানা : ওয়াদুদ ভূইয়া এমপি

খাগড়াছড়ি প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস) কেন্দ্রীয় কমিটির ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
শুক্রবার বিকেল ৫টায় জেলা সদরের মিলনপুরে অবস্থিত বিটিকেএস কেন্দ্রীয় কার্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা ও সামাজিক উন্নয়নে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের দীর্ঘ ৬১ বছরের অবদান তুলে ধরা হয়।
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন,বিএনপি সকল সম্প্রদায়ের নিরাপদ ঠিকানা।
তিনি বলেন,ত্রয়োদশ নিবাচনে ত্রিপরা সম্প্রদায় বিএনপির প্রার্থীকে বিপুল ভোট দিয়েছে। তারেক রহমানের সরকার পাহাড়ের সকল সম্প্রদায়ের উন্নয়নে কাজ করতে বদ্ধ পরিকর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সাবেক সংসদ সদস্য ও বিটিকেএস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি যতীন্দ্র লাল ত্রিপুরা, বিটিকেএসের উপদেষ্টা ক্ষেত্র মোহন রোয়াজা এবং বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরাসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ প্রতিষ্ঠালগ্ন থেকে ত্রিপুরা সম্প্রদায়ের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ, সামাজিক উন্নয়ন এবং অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও সংগঠনটি সম্প্রীতি, ঐক্য ও মানবিক মূল্যবোধকে সমুন্নত রেখে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা শেষে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।