খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির সাজেক এলাকায় ফেরদৌস চাকমা নামে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা যাচাই করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সরেজমিনে যাচাই শেষে অভিযোগটি ভিত্তিহীন বলে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গত ৬ আগস্ট ২০২৬ তারিখে ইউপিডিএফ-সমর্থিত বলে পরিচিত কয়েকটি ফেসবুক পেজে সাজেক এলাকা থেকে ফেরদৌস চাকমা নামে এক ব্যক্তিকে অপহরণের খবর প্রচার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তির সৃষ্টি হয়।
খবরটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে বাঘাইহাট জোনের সেনাবাহিনীর একটি টহল দল। পরে সদস্যরা রাঙ্গামাটি জেলার সাজেক ইউনিয়নের উদয়পুর এলাকার ছোট কংলাকে ফেরদৌস চাকমার নিজ বাড়িতে গিয়ে সরেজমিনে উপস্থিত হন এবং তার সঙ্গে কথা বলেন। এ সময় তার অপহরণের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত হওয়া যায়।
সংশ্লিষ্টদের মতে, যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের তথ্য প্রচার করলে স্থানীয় জনগণের মধ্যে বিভ্রান্তি, পারস্পরিক অবিশ্বাস ও উত্তেজনা সৃষ্টি হতে পারে। পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ বিরোধ উসকে দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কাও থাকে।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, পাহাড়ি অঞ্চলে সংবেদনশীল কোনো ঘটনা সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচারের আগে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের মাধ্যমে সত্যতা যাচাই করা জরুরি।
সেনাবাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তথ্যের সত্যতা যাচাই করার আহ্বান জানানো হয়েছে।