আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইউটায় দাবানল নিয়ন্ত্রণে কাজ করা একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট ও এক ক্রু সদস্য নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের সঙ্গে চুক্তির ভিত্তিতে ‘হেলিকপ্টার ট্রান্সপোর্ট সার্ভিসেস’-এর পরিচালিত সিকর্স্কি এস-৬৪ ‘স্কাইক্রেন’ নামের হেলিকপ্টারটি স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টার দিকে রিচফিল্ডের কাছে থ্রি ক্রিকস রিজার্ভার এলাকায় বিধ্বস্ত হয়।
এলাকাটি শহরের দক্ষিণ-পশ্চিমে এবং ওয়াইডমাউথ ২ দাবানলের দক্ষিণ-পূর্ব প্রান্তের কাছাকাছি অবস্থিত।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার (এনআইএফসি) দুর্ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পর শনিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, দুই ক্রু সদস্য ‘মারাত্মকভাবে আহত হয়ে মারা গেছেন’ এবং সংস্থাটি নিহতদের বন্ধুবান্ধব ও পরিবারের প্রতি ‘সমবেদনা’ জানিয়েছে।
এনআইএফসি জানিয়েছে, চরম অগ্নি পরিস্থিতি ও দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকারী দলগুলোর পক্ষে ধ্বংসাবশেষ পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। শনিবার মরদেহগুলো উদ্ধার করা হলেও নিহতদের নাম প্রকাশ করা হয়নি।
গত ২৭ জুলাই ফিশলেক ন্যাশনাল ফোর্স্টে বজ্রপাতের ফলে ওয়াইডমাউথ ২ দাবানলের সূত্রপাত হয় এবং তখন থেকে এটি ১ লাখ ১১ হাজার একরেরও (৪৫,০০০ হেক্টর) বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে। এটি চলতি বছরে ইউটার সবচেয়ে বড় দাবানলে পরিণত হতে চলেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার পর্যন্ত দাবানলের ২৪ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া আগুনের ব্যাপক তীব্রতা– যার মধ্যে গাছের উপরিভাগে আগুন ছড়ানো ও দূরবর্তী স্থানে আগুন ধরে যাওয়ার মতো ঘটনা রয়েছে– এখনো আশপাশের জনপদগুলোকে হুমকির মুখে ফেলছে।
চলতি গ্রীষ্মে এটি ইউটার দ্বিতীয় প্রাণঘাতী দাবানলের ঘটনা। এর আগে গত জুন মাসে কলোরাডো সীমান্তের কাছে নোওলস ও গোরে দাবানল নেভানোর সময় তিনজন অগ্নিনির্বাপক কর্মী মারা যান। পরে ওই ঘটনায় আহত হয়ে আরও একজন অগ্নিনির্বাপক কর্মী মারা যান।