রবিবার, ৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫ সফর, ১৪৪৮ হিজরি

পূবাইলে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় আসামি গ্রেপ্তার

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন কুদাব এলাকায় দুই বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. রেজাউলকে (৩৭) গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ।
শনিবার তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে কুদাব এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রেজাউল গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের ঘোশ্বাবর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে পূবাইলের কুদাব এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ মে আনুমানিক রাত ১০টার দিকে পূবাইল থানাধীন কুদাব এলাকায় একটি ভাড়া বাসার শয়নকক্ষে দুই বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে পূবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারনামীয় আসামি রেজাউলকে গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যায় পুলিশ। মামলার ঘটনা সম্পর্কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। তবে অভিযোগের বিষয়টি আইনগত প্রক্রিয়ায় যাচাইসাপেক্ষ।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।