রবিবার, ৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫ সফর, ১৪৪৮ হিজরি

বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলছে : মির্জা ফখরুল

রংপুর প্রতিনিধি : বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের বিরোধীদল শেখ হাসিনার ভাষায় কথা বলছে- চলতে দেবো না, কাজ করতে দেবো না। দায়িত্ব নেওয়ার চার-পাঁচ মাসে অনেক সমস্যা সমাধান করেছেন বর্তমান সরকারের প্রধান তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি হলরুমে চ্যারিটি সংস্থা ‘লাভ শেয়ার বিডি’র চা-ঘর হস্তান্তর অনুষ্ঠানে এসব বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, জনগণের মেজরিটি ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে।
দেশ পরিচালনার ক্ষেত্রে সরকার যদি ব্যর্থ হয়, তাহলে কথা বলার সুযোগ আসবে। মাত্র চার-পাঁচ মাসে অনেক কিছু পরিবর্তন হয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা, ২০ হাজার মানুষকে হত্যা এবং এক হাজার ৭০০ মানুষকে গুম করা হয়েছে। ফ্যাসিবাদী শাসনের অবসান করে জনগণের রায়ে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ গঠন করার সুযোগ হয়েছে।
আগের পরিস্থিতি এখন আর নেই।

তিনি বলেন, বর্তমানে দেশে কথা বলার সুযোগ রয়েছে গণমাধ্যম কর্মীদের। ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় লেখা তো দূরের কথা, বলারও সুযোগ ছিল না। বর্তমানে ফেসবুক-ইউটিউবে যাচাই-বাছাই ছাড়া নানা তথ্য ছড়িয়ে পড়ছে।

রংপুর বিভাগ ও উত্তরাঞ্চলের কৃষি খাতকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। পানির সেচ, খাল খননসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যা উত্তরাঞ্চলের কৃষি খাতকে সমৃদ্ধ করবে বলে মনে করেন তিনি।

এসময় লাভ শেয়ার বিডি আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদমর্যার রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খানসহ অনেকে।