টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় মাদরাসা শিক্ষার্থী হত্যার বিচার ও মহাসড়কে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদশর্ণ করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীরা।
রোববার বেলা এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সাড়ে তিনঘন্টা মাদরাসার কয়েক হাজার শিক্ষার্থী গাজীপুরা বাসস্ট্যান্ড এবং এশিয়া পেট্রোলপাম্প এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদশর্ণ করেন। এতে মহাসড়কের উভয়পাশে হাজার হাজার যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারি যাত্রীসাধারণ।
পরে খবর পেয়ে গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থী হত্যার বিচার এবং মহাসড়কে ফুটওভারব্রিজ নির্মাণের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুর আড়াইটার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হতে গিয়ে গাজীপুরা বাসস্ট্যান্ডে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের চাপায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আলী নিহত হয়। ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করলেও ড্রাইভার পালিয়ে যায়। এরই প্রতিবাদ, হত্যাকারির বিচার ও মহাসড়কে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে রোববার বেলা ১১টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসস্ট্যান্ড ও এশিয়া পেট্রোলপাম্প এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন । এ সময় শিক্ষার্থীরা ব্যানার ও স্লোগানে মাদরাসার সামনে একটি ফুটওভারব্রিজ তৈরির দাবি জানান।
শিক্ষার্থীরা আরও বলেন, টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপার হয়। আমাদের একটি ফুটওভারব্রিজ জরুরি দরকার। শনিবার রাতে আমাদের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাই আজ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছি।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, অবরোধের খবর পেয়ে গাজীপুর জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও সিটি প্রশাসক এসে মহাসড়ক অবরোধকারি শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন।শিক্ষার্থীরা আশ্বস্ত হয়ে অবরোধ প্রত্যাহার করে নিলে দুপুর আড়াইটার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয়।