সোমবার, ১০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ সফর, ১৪৪৮ হিজরি

অক্টোবরে বে অব বেঙ্গল কনভারসেশন, নিবন্ধন ১৫ আগস্ট পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক : আগামী ৩ থেকে ৫ অক্টোবর ঢাকায় ভূরাজনীতি, প্রযুক্তি ও সুশাসন নিয়ে আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের নিবন্ধনের শেষ সময় ১৫ আগস্ট।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সংলাপের আয়োজন করছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)।

রোববার (৯ আগস্ট) সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের সম্মেলনে বিশ্বের ১০০টির বেশি দেশ থেকে ২০০-এর বেশি বক্তা অংশ নেবেন।
এতে বর্তমান ও সাবেক সরকার ও রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, আইনপ্রণেতা, নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক এবং তরুণ নেতৃত্ব অংশ নেবেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ভাঙন ∙ নতুন দিগন্ত ∙ আগামী দিনের বিশ্ব’।
এর মূল বিষয়বস্তু পুনর্লিখিত এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার নতুন পথচলা।

তিন দিনব্যাপী সংলাপে বঙ্গোপসাগর, ইন্দো-প্যাসিফিক এবং পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থা নিয়ে বিভিন্ন পর্বে আলোচনা হবে।
বিশ্বে ক্ষমতার পরিবর্তন, প্রযুক্তির দ্রুত অগ্রগতি, বৈশ্বিক অর্থনীতির নতুন বিন্যাস, জলবায়ু পরিবর্তন, মানবনিরাপত্তা, গণতন্ত্র, সুশাসন ও পারস্পরিক আস্থার মতো বিষয় আলোচনায় গুরুত্ব পাবে।

আয়োজকেরা জানিয়েছেন, এবারের সম্মেলনে মূলত পাঁচটি কৌশলগত বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। এগুলো হলো, ক্ষমতার পরিবর্তন, প্রযুক্তির নতুন দিগন্ত, নতুন অর্থনৈতিক ভূগোল, জলবায়ু-সহনশীলতা ও মানবনিরাপত্তা এবং আস্থা, গণতন্ত্র ও সুশাস।সম্মেলনে লিডারশিপ ফোরাম, স্ট্র্যাটেজিক ডায়ালগ, ফায়ারসাইড কনভারসেশন এবং তরুণ নেতৃত্ব ফোরামের মতো বিভিন্ন আয়োজন থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বে অব বেঙ্গল কনভারসেশনে রাজনীতিক, আইনপ্রণেতা, নীতিনির্ধারক ও কূটনীতিক, ব্যবসায়ী ও শিল্প খাতের প্রতিনিধি, শিক্ষাবিদ ও গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী এবং তরুণ নেতৃত্ব অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারী, বক্তা ও গণমাধ্যমকর্মীদের জন্য পৃথক নিবন্ধন ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ অংশগ্রহণকারীদের নিবন্ধনের শেষ সময় ১৫ আগস্ট ২০২৬। আসন সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সিজিএস।

অনলাইনে নিবন্ধনের জন্য ভিজিট করতে হবে bobc.cgs-bd.com/registration ওয়েবসাইটে। সেখানে Participants, Speakers ও Media এই তিন ক্যাটাগরির জন্য পৃথক নিবন্ধন পোর্টাল রয়েছে।

সিজিএস প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্দেশ্য হলো এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে খোলামেলা ও স্বাধীন আলোচনা করার একটি প্ল্যাটফর্‌ম তৈরি করা। ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পরিবর্তনের মধ্য দিয়ে বিশ্ব যখন নতুনভাবে রূপান্তরিত হচ্ছে, তখন এ ধরনের আলোচনা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত ও বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের অক্টোবরে ঢাকায় সংলাপে যোগ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করেন।

সিজিএস তার অংশীদারদের সহযোগিতায় বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬ আয়োজন করছে।