নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এ বৈঠক সামনে রেখে রবিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকের পর গণমাধ্যমে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ, সীমান্ত হত্যা, নদীর পানির ন্যায্য হিস্যা ও পুশ ইনের মতো দীর্ঘদিনের অমীমাংসিত সংবেদনশীল ইস্যুগুলোর প্রেক্ষাপটে এ সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মূলত এই সাক্ষাৎ থেকেই স্পষ্ট হতে পারে দুই প্রতিবেশী দেশের আগামী দিনের দ্বিপক্ষীয় সম্পর্কের সমীকরণ। একই সঙ্গে আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফরের সুনির্দিষ্ট ইঙ্গিতও মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত ২৫ জুন সে সময়ের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার। এর আগে ১২ জুন ঢাকায় হাইকমিশনার হিসেবে যোগ দেন তিনি।