নিজস্ব প্রতিবেদক : দক্ষ জনশক্তি উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, অভিবাসী কর্মীদের কল্যাণ ও যুব উন্নয়ন নিয়ে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে আলোচনা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সিঙ্গাপুরের জনশক্তি ও সংস্কৃতি, কমিউনিটি ও যুববিষয়ক প্রতিমন্ত্রী দীনেশ বাসু দাশের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন।
মঙ্গলবার সিঙ্গাপুরে আয়োজিত এই বৈঠকে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দিচ্ছে এবং এ ক্ষেত্রে সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। তিনি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ (টিভিইটি), নার্সিং ও কেয়ারগিভিং খাতে সহযোগিতার প্রস্তাব দেন।
সিঙ্গাপুরের প্রতিমন্ত্রী বাংলাদেশি কর্মীদের প্রশংসা করে বলেন, তারা সাধারণত দায়িত্বশীল ও শৃঙ্খলাপরায়ণ। তবে কর্মী নিয়োগ প্রক্রিয়ার খরচ ও ফি কমানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
দুই দেশ অভিবাসী কর্মীদের নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সাশ্রয়ী করতে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করে। পাশাপাশি কর্মীদের আবাসন, বেতন সুরক্ষা ও কল্যাণ নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকে বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে আসিয়ানের ডায়ালগ পার্টনার হওয়ার আকাঙ্ক্ষায় সমর্থন চায়। এছাড়া সংস্কৃতি, ক্রীড়া, যুব বিনিময়, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
দুই পক্ষ দক্ষ জনশক্তি, প্রশিক্ষণ, বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করে।