স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরেই অস্ট্রেলিয়া সেরা পেস আক্রমণ নিয়ে মাঠে নামছে।
একাদশে ফিরেছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড।
বৃহস্পতিবার ডারউইনে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট।
এর আগের দিনই একাদশ ঘোষণা করেছে স্বাগতিকরা। অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্বে প্রায় আট মাস পর টেস্ট ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া।
দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন জশ হ্যাজলউড। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরের পর হ্যামস্ট্রিং ও গোড়ালির চোটে মাঠের বাইরে ছিলেন এই পেসার।
তার ফেরায় জায়গা হয়নি স্কট বোল্যান্ডের। গত অ্যাশেজে দুর্দান্ত পারফর্ম করা বোল্যান্ড পাঁচ টেস্টেই নিয়েছিলেন ৩১ উইকেট।
হ্যাজলউডকে ফেরানোর মধ্য দিয়ে এক বছরেরও বেশি সময় পর আবারও একসঙ্গে মাঠে দেখা যাবে কামিন্স, স্টার্ক ও হ্যাজলউডকে। অস্ট্রেলিয়ার এই পেসত্রয়ী দীর্ঘদিন ধরেই দলের বোলিং আক্রমণের মূল শক্তি।
অ্যাশেজে চোট পাওয়া নাথান লায়নও ফিরেছেন একাদশে। গত ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ের চোটের পর অস্ত্রোপচার করাতে হয়েছিল অভিজ্ঞ এই স্পিনারকে। সুস্থ হয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট দিয়েই আবারও লাল বলের ক্রিকেটে ফিরছেন তিনি।
অলরাউন্ডার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার। ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ভরসা ট্রাভিস হেড, মারনাস লাবুশেন ও স্টিভ স্মিথের ওপর।
আগামী এক বছরে প্রায় ২১টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। ফলে সামনে পেসারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর পরিকল্পনা থাকলেও বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের সেরা সমন্বয় নিয়েই মাঠে নামছে তারা।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ: প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, জেইক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।