এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি : পর্যটকদের আকর্ষন বাড়াতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কে নতুন তিনটি বিনোদন সুবিধা জায়ান্ট সুইং, জিপ লাইন ও কিটস জোনের যাত্রা শুরু হয়েছে। এর ফলে এ পর্যটন কেন্দ্রে পর্যটকরা নতুন বিনোদন পাবে।
পর্যটন স্পটগুলোকে ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। তারই ধারাবাহিকতায় জেলা পরিষদের হর্টিকালচার পার্কে স্থান করা হয় জায়ান্ট সুইং, জিপ লাইন ও কিটস জোন। এটি দেশের দীর্ঘ জিপ লাইন।
বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জায়ান্ট সুইং, জিপ লাইন ও কিটস জোন এর উদ্বোধন করেন প্রধান অতিথি খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা । নতুন সংযোজন জায়ান্ট সুইং, জিপ লাইনে চলে আনন্দে উদ্বেলিত পর্যটকরা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: আবদুল্লাহ আল মাহফুজ জানান, কম অর্থ ব্যয়ে খাগড়াছড়ি হর্টিকালচার পার্কে জায়ান্ট সুইং, জিপ লাইন ও কিটস জোন স্থাপন করা হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী বলেন, পর্যটকদের আর্কষণ বাড়াতে পর্যটন খাতে আরো অর্থায়ন করা হবে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন,পর্যটকদের শারীরিক ও মানসিক বিকাশে জেলা পরিষদের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি বলেন,পর্যটন কেন্দ্রগুলোতে নতুন নতুন এ সব সংযোজনের মাধ্যমে খাগড়াছড়ির অর্থনৈতিক চাকা ঘুরে যাবে। কর্মসংস্থানের সুযোগ হবে, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা যাবে।
পাহাড়, ঝিরি, ঝর্ণা, নদী ও ছড়ার ছড়াছড়ি খাগড়াছড়ি। জেলার পর্যটন কেন্দ্রগুলোকে ঢেলে সাজানো গেলে খাগড়াছড়ি হয়ে উঠতে পারে পর্যটকদের অন্যতম বিনোদন কেন্দ্র।