খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বাইন্যাছোলা এলাকায় সেনাবাহিনীর অভিযানে আনুমানিক ১৬ লাখ টাকা মূল্যের অবৈধ গোল কাঠ ও বাঁশ জব্দ করা হয়েছে।
বুধবার রাত আনুমানিক ১১টার দিকে লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্পের উত্তর-পূর্ব দিকে ধুরুং খালে অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় পাচারের উদ্দেশ্যে ধরুং খালে ভাসমান অবস্থায় বিভিন্ন প্রজাতির ২৫০ পিস গোল কাঠ ও ৪০০টি বাঁশ জব্দ করা হয়। জব্দকৃত কাঠ ও বাঁশের সিজার মূল্য আনুমানিক ১৬ লাখ টাকা বলে জানা গেছে।
পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত কাঠ ও বাঁশ চট্টগ্রাম উত্তর বন বিভাগের সংশ্লিষ্ট ফরেস্টারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অবৈধভাবে পাহাড়ি কাঠ ও বাঁশ মজুত ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী।