নিজস্ব প্রতিবেদক : বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ও সদ্যসাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের সরকারিদলীয় সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বছরের পর বছর তার ওপর আস্থা রেখে দায়িত্ব দেওয়ায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
সভায় উপস্থিত কয়েকজন সংসদ সদস্য জানান, বক্তব্যের শুরুতেই ফখরুল আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কয়েক মিনিটের মধ্যে কয়েকবার কান্নায় ভেঙে পড়েন। এতে সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীও এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিএনপির সঙ্গে তার দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা স্মরণ করে ফখরুল বলেন, তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, ‘দায়িত্ব পালনকালে আমি কোনো ভুল করে থাকলে বা অনিচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থনা করছি।’
তিনি আরও অঙ্গীকার করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপস করবেন না।
নির্বাচিত হলে সম্ভাব্য বঙ্গভবনে যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে ফখরুল বলেন, তিনি তার সহকর্মীদের মিস করবেন এবং তাদের কাছে দোয়া চান।
এরপর তিনি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য বিএনপির সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।।