সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত মন্ত্রী সাচিং প্রু জেরী

খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাচিং প্রু আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা- কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে তিনি নিষ্ঠা ও দায়িত্বের সাথে জনস্বার্থে সরকারের উন্নয়ন কাজ অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গত শুক্রবার রাতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করেন।

উল্লেখ্য, সাচিং প্রু ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ২০০১, ২০০৯ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে সবশেষ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি বান্দরবান সদর উপজেলা পরিষদ এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

সাচিং প্রু, ডাক নাম জেরী। ১৯৫৩ সালের ১৫ জানুয়ারি বান্দরবান পৌরসভার ক্যাংভিটা এলাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবার নাম স্বর্গীয় অংশৈপ্রু চৌধুরী, আর মাতা স্বর্গীয় আবাঈ প্রু চৌধুরানী। বাবা ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের সাবেক প্রতিমন্ত্রী ।