মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিকস সম্মেলনে যোগ দিতে সাত বছর পর ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হবে এবারের সম্মেলন।

ব্রিকস সম্মেলন আয়োজক কমিটির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, শি জিনপিংয়ের সফর ঘিরে চীনা কর্মকর্তারা হোটেল চূড়ান্ত করা ও নিরাপত্তা প্রটোকল নিয়ে কাজ করছেন।

সর্বশেষ ২০১৯ সালে ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফর করেছিলেন শি। তখন তার সঙ্গে ছিলেন প্রায় ২০০ কর্মকর্তা। এবার সফরসঙ্গীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০০ জনে।

২০১৯ সালের সফরের পর ২০২০ সালের জুনে লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ হয়। ওই ঘটনার পর দুই দেশের সম্পর্ক দীর্ঘ সময় ধরে তিক্ত ছিল এবং কূটনৈতিক ও সামরিক পর্যায়ে উত্তেজনা অব্যাহত ছিল।

তবে সাম্প্রতিক সময়ে সেই সম্পর্কে পরিবর্তনের আভাস মিলছে। গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দীর্ঘ সাত বছর পর বেইজিং সফর করেন। এর আগে ২০১৮ সালে চীন সফর করেছিলেন তিনি।

মোদির বেইজিং সফরের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়তে শুরু করে। এবার শি জিনপিংয়ের ভারত সফর সেই সম্পর্কের উন্নয়ন কতটা এগিয়েছে, তার গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যাবে।