বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সোনাগাজীতে ‘পরকীয়া’ অপবাদে নারী-পুরুষকে খুঁটিতে বেঁধে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক : ফেনীর সোনাগাজী উপজেলায় পরকীয়ার অপবাদ দিয়ে এক নারী ও এক পুরুষকে প্রায় ১৬ ঘণ্টা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের ঘটনা ঘটেছে।

সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হালিম ডাক্তার পুলের গোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাগাজী পৌরসভার পূর্ব চরগণেশ এলাকার নুর আলমের স্ত্রী কামরুন নাহার রুমার বাড়িতে আত্মীয়তার সূত্রে বেড়াতে যান চর চান্দিয়া ইউনিয়নের ভুঁইয়া বাজার সংলগ্ন অলি মাঝি বাড়ির বাসিন্দা এরশাদ উল্লাহ।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাদের ঘর থেকে বের করে আনে এবং বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ফেলে। নির্যাতনের শিকার নারী চার সন্তানের জননী এবং পুরুষটি দুই সন্তানের বাবা।

স্থানীয়দের অভিযোগ, সোমবার দিনগত রাত সাড়ে ১২টা থেকে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা তাদের খুঁটিতে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হয়। একই সঙ্গে জোরপূর্বক ওই নারীর সঙ্গে তার স্বামীর বিচ্ছেদের জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রবল চাপ সৃষ্টি করে।

​ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী নারী ও পুরুষকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে।

​এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।