আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সামরিক অভিযানে আটক হয়ে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি থাকার আট মাস পর সাবেক ভেনিজুয়েলান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রথম ছবি প্রকাশ করা হয়েছে।
রয়টার্স লিখেছে, মাদুরোর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ অ্যাকাউন্টে পোস্ট করা এই ছবিগুলোতে তাকে নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত ‘মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার’এ দেখতে পাওয়া যায়।
জানুয়ারিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে মার্কিন বাহিনী তাকে আটক করে তুলে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার কারাবন্দি অবস্থার ছবি প্রকাশ্যে এল।
ছবিগুলোতে দেখা যায়, মাদুরো ধূসর রঙের সোয়েটস্যুট ও সাদা স্নিকার্স পরে একটি সাধারণ দেয়ালের সামনে দাঁড়িয়ে আছেন। সেখানে তাকে আগের চেয়ে অনেকটাই কৃশ ও হালকা দেখাচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, মাদুরো তার পরিবার ও সমর্থকদের জন্য আশার প্রতীক হিসেবে এই ছবিগুলো প্রকাশ করেছেন।
তিনি জানান, তিনি এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এখনো ‘দৃঢ়, শান্ত এবং আত্মবিশ্বাসী’ রয়েছেন এবং ভেনিজুয়েলা আবারও ঘুরে দাঁড়াবে।
বার্তায় মাদুরো লেখেন, “আমাদের ভালোবাসেন এমন সব মহান মানুষ, আমার নাতি-নাতনি ও আদরের ছোটদের জন্য আশার আলো হিসেবে এই ছবিগুলো পাঠালাম।
“আপনারা জেনে রাখুন, আমরা এখনো ভেঙে পড়িনি, আপনাদের ভালোবাসাকে বুকে ধারণ করেই শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। আপনাদের সেই ভালোবাসাই এখানে আমাদের প্রার্থনা, একতা ও লড়াই চালিয়ে যাওয়ার সাহস জোগাচ্ছে।”
তিনি আরও লেখেন, “আনন্দ ও আশার সঙ্গে এই ক্ষুদ্র উপহারটি গ্রহণ করুন। সিলিয়া ও আমি ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস রেখে চিরকাল আপনাদের পাশে আছি।”
তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসও মাদক পাচারের একই ধরনের অভিযোগে নিউ ইয়র্কে বন্দি রয়েছেন।
তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি রোববার সকালে পোস্ট করা হলেও এতে থাকা সময় সংকেত অনুযায়ী, ছবিগুলো গত ২৫ জুন তোলা হয়েছিল।
এর আগের দিনই ভেনিজুয়েলার উত্তরাঞ্চলে দুটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যে প্রাকৃতিক দুর্যোগে সাড়ে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার সঙ্গে এক ঐতিহাসিক সমঝোতার কথা জানান দেওয়ার দুই দিন পর মাদুরোর এই ছবিগুলো সামনে এল।
ওই সমঝোতা অনুযায়ী, ভেনিজুয়েলা তার তেলের মজুদ থেকে ৬ হাজার ৫০০ কোটি ব্যারেলে যুক্তরাষ্ট্রকে অধিকাংশ নিয়ন্ত্রণ দিতে সম্মত হয়েছে।
ফক্স নিউজের বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম যখন ঊর্ধ্বমুখী, তখন ভেনিজুয়েলার এই তেল চুক্তি মার্কিন জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি।
মে মাসে স্প্যানিশ পত্রিকা এল পাইস-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গেরা জানিয়েছিলেন, তার বাবা কারাগারে বেশিরভাগ সময় বাইবেল পড়ে কাটাচ্ছেন। এছাড়া মাসে তিনি বাইরে যোগাযোগের জন্য ৫১০ মিনিট (সাড়ে ৮ ঘণ্টা) সময় পান।
মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তবে উভয়েই নিজেদের নির্দোষ দাবি করেছেন।
দোষী সাব্যস্ত হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ২০২৭ সালের জুনে নিউ ইয়র্কের আদালতে তাদের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।