বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২০ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বাংলাদেশ ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখছে : ইরানের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন ইরানের রাষ্ট্রদূত।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ইরানের রাষ্ট্রদূত বলেন, তার দেশ এই চুক্তিকে নিজেদের বিপক্ষে দেখছে না। যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো নিয়ে সবার কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে। মক্কা প্যাক্ট প্রমাণ করে ইসলামী দেশগুলোর নিজেদের নিরাপত্তাব্যবস্থা নিজেদের গড়ে তোলা প্রয়োজন।

তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলে ইরান মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়টি গ্রহণ করবে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে ইরান শুধু যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা করেছে। কোনো ইসলামী বা আরব রাষ্ট্রে হামলা করেনি বলেও দাবি করেন তিনি।

জলিল রহিমি বলেন, মক্কা প্যাক্ট এমন একটি সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র মনে করছে তাদের নিরাপত্তা শঙ্কার মধ্যে রয়েছে।
প্রায় ১০ বছর আগে ইরান মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল ঘোষণার প্রস্তাব দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওই প্রস্তাবে সমর্থন দেয়নি। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত।

হরমুজ প্রণালি প্রসঙ্গে ইরানের রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের হামলার কারণে এ নিয়ে সমস্যা তৈরি হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়েছে।
বাংলাদেশের এলএনজি বহনকারী জাহাজের হরমুজ প্রণালি পার হতে কোনো সমস্যা হবে না। মক্কা প্যাক্টের সদস্য রাষ্ট্রগুলোর জাহাজও এ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে।