খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনকারী ও ইয়াবাসহ কয়েক জনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
অভিযানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকেও আটক করা হয়েছে। এ ঘটনায় ইয়াবাসহ আটক জাহাঙ্গীরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে ইমরান হোসেন (মুন্না), আশিকুর রহমান (সেতু), শাহিন আলম প্রকাশ (নুর আলম) এবং সাহিন ইসলাম ভূঁইয়াকে আটক করা হয়।
এছাড়া অভিযানে ইয়াবাসহ মো: জাহাঙ্গীর হোসেন আটক হন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অন্যদিকে, মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদুল ইসলামকেও পুলিশের অভিযানে আটক করা হয়েছে।
এছাড়া ১২ পিস ইয়াবাসহ মো. ছাব্বির হোসেন এবং সৌরভ হোসেনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন-মাটিরাঙ্গা পৌর ৫নং ওয়ার্ড বাজার পাড়া এলাকার বাদশা মিয়া’র ছোট ছেলে ইমরান হোসেন (মুন্না), মাটিরাঙ্গা পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের মৃত দেলোয়ার হোসেন এর ছেলে আশিকুর রহমান (সেতু), মৃত ফরহাদ হোসেনের ছেলে শাহিন আলম ওরফে (নুর আলম), মৃত আবুল কাশেমের ছেলে সাহিন ইসলাম ভূইয়া। চান্দু মিয়া’র ছেলে জাহাঙ্গীর, পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের হাফেজ আহাম্মদের ছেলে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত জাহিদুল ইসলাম, আজিজ মিয়া’র ছেলে মো. ছাব্বির হোসেন, লোকমান হোসেনের ছেলে সৌরভ হোসেন, উভয় সাং মাটিরাঙ্গা পৌরসভা।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন জানান, আটককৃতদের মাদক সেবনকরা অবস্থায় আটক করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।