চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রকাশ্যে অস্ত্র হাতে দেখা যাওয়া দুই যুবককে শনাক্ত করেছে পুলিশ। শনাক্ত হওয়া যুবকদের নাম সিরাজ ও সাদেক এবং দুজনের বাড়িই প্রতিবেশী মিরসরাই উপজেলায়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন বলেন, অস্ত্র হাতে মহড়া দেওয়া দুই যুবককে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। আশা করছি তাদের মধ্য থেকে অন্তত একজনকে আজকের মধ্যেই গ্রেপ্তার করা সম্ভব হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালে দলটির দুটি পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং তা একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ সময় দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে। সংঘর্ষের প্রভাব ছড়িয়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায়ও। সেখানে মহাসড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি এবং বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে। ফুটেজে কয়েকজন যুবককে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মহড়া দিতে দেখা যায়। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। সচেতন মহল দ্রুত সময়ের মধ্যে অস্ত্রধারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায়।