আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুলের উপকূলে অন্য একটি জাহাজের সঙ্গে সংঘর্ষের পর ডুবে যাওয়া একটি পণ্যবাহী জাহাজের ১০ নাবিকের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও তুরস্কের বিভিন্ন সংস্থার সদস্যরা নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান চালান।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইস্তাম্বুলের কাছে মারমারা সাগরে তুরস্কের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রায় ১১ মিনিট পর ১০ নাবিক থাকা একটি জাহাজ ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
নিখোঁজ নাবিকদের উদ্ধারে কোস্টগার্ড, নৌবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ও অন্যান্য জরুরি সেবার কর্মীরা কাজ করছেন। তল্লাশি অভিযানে ১৮টি জাহাজ, পাঁচটি হেলিকপ্টার, দুটি ড্রোন, একটি বিমান এবং পানির নিচে অনুসন্ধানের জন্য বিশেষ সরঞ্জামসহ একটি নৌযান মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষে ক্ষতিগ্রস্ত না হওয়া অপর জাহাজটি সিলিভরির কাছে নোঙর করে রাখা হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে তুরস্কের কর্তৃপক্ষ।