বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২০ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

খেলোয়াড় বেচে বিশ্বরেকর্ড গড়ল চেলসি

স্পোর্টস ডেস্ক : চেলসির খেলোয়াড় বিক্রির সাফল্য যেন থামছেই না। কঠোর আর্থিক নীতিমালার বাস্তবতায় এবার এক গ্রীষ্মের দলবদলেই খেলোয়াড় বিক্রি থেকে রেকর্ড ৪৪৮ মিলিয়ন ইউরো আয় করেছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।
একক কোনো ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড় বিক্রি থেকে এত বেশি অর্থ আয়ের নজির ফুটবল ইতিহাসে আর নেই।

ট্রান্সফারমার্কটের তথ্য অনুযায়ী, এই গ্রীষ্মে চেলসির বিক্রি থেকে আসা ৪৪৮ মিলিয়ন ইউরো ইউরোপীয় ফুটবলের আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
আর্থিক নিয়ম মেনে চলার পাশাপাশি নিজেদের স্কোয়াড পুনর্গঠনের কৌশলের অংশ হিসেবেই এত বড় অঙ্কের খেলোয়াড় বিক্রি করেছে ক্লাবটি।

চেলসির রেকর্ড বিক্রির সবচেয়ে বড় অঙ্কটি এসেছে বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের কাছ থেকে।
দলবদলের শেষ দিনে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আর্জেন্টাইন তারকা। ১৪৫ মিলিয়ন ইউরোর এই দলবদল প্রিমিয়ার লিগের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফি।

তবে শুধু এনজো নয়, আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিক্রি করে বড় অঙ্কের অর্থ পেয়েছে চেলসি। ট্রান্সফারমার্কটের হিসাব অনুযায়ী, আন্দ্রে সান্তোসকে ৫৬.৩ মিলিয়ন ইউরো, নিকোলাস জ্যাকসনকে ৫৫.৫ মিলিয়ন ইউরো এবং স্প্যানিশ ফুল-ব্যাক মার্ক কুকুরেয়াকে ৫৫ মিলিয়ন ইউরোতে বিক্রি করেছে তারা।

এ ছাড়া লিয়াম ডেলাপের বিক্রি থেকে এসেছে ৫২ মিলিয়ন ইউরো। ট্রেভো চালোবাহ ৩০ মিলিয়ন, টাইরিক জর্জ ২১ মিলিয়ন, মার্ক গুইউ ১৫ মিলিয়ন এবং তোসিনের দলবদল থেকে চেলসি পেয়েছে ১১.৭ মিলিয়ন ইউরো।

বিভিন্ন বয়স ও পজিশনের খেলোয়াড়দের বিক্রি করে এই বিপুল অর্থ আয় করেছে চেলসি। এতে একদিকে যেমন আর্থিক হিসাবের ভারসাম্য বজায় রাখার সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে স্কোয়াডেও বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব হয়েছে।

একক ট্রান্সফার উইন্ডোতে ৪৪৮ মিলিয়ন ইউরোর খেলোয়াড় বিক্রি চেলসিকে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ বিক্রেতার আসনে বসিয়েছে। নিজেদের আগের রেকর্ড তো বটেই, এ গ্রীষ্মে অন্য সব ক্লাবকেও ছাড়িয়ে গেছে তারা।

এই তালিকায় চেলসির পরেই রয়েছে অ্যাস্টন ভিলা। খেলোয়াড় বিক্রি করে তাদের আয় ৩৬০ মিলিয়ন ইউরো। তৃতীয় অবস্থানে থাকা ম্যানচেস্টার সিটির আয় ৩৩৭ মিলিয়ন ইউরো।

আর্থিক নিয়ম মেনে চলার পাশাপাশি প্রতিনিয়ত স্কোয়াডে পরিবর্তন আনার কৌশলে চেলসি যে খেলোয়াড় বিক্রিকে বড় অস্ত্র বানিয়েছে, এবারের রেকর্ড আয় তারই বড় প্রমাণ।