নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় ফার্নিচারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে আসায় পূর্বাচল ফায়ার স্টেশনের দুটি ইউনিটকে পথিমধ্যেই ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ৯টা ১৯ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিনি আরও জানিয়েছিলেন, পূর্বাচল থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
আগুনের ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার কারণও প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।