ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের উপর হামলা ও হেনস্তার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বাঞ্ছারামপুর পৌর যুব দলের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলীর নেতৃত্বে পৌর শহরের মোল্লাবাড়ি স্টিল ব্রিজ এলাকা থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে।
এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী, যুবদল নেতা গিয়াস উদ্দিন, মোহাম্মদ সালাম, সাজুসহ অন্যান্য নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখা অভিনেত্রী আজমেরী হক বাঁধনের উপর আওয়ামী দোসররা যে হামলা ও হেনস্তার ঘটনা ঘটিয়েছে তা ন্যক্কারজনক।
আর এই হামলার সাথে ইলিয়াস মিয়া নামে বাঞ্ছারামপুরের একজন জড়িত রয়েছে।
বক্তারা, হামলাকারী ইলিয়াস মিয়াসহ এই ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।