শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মহালছড়ি জোনের উদ্যোগে ধাত্রীবিদ্যা ও নার্সিং প্রশিক্ষণের সমাপনী

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়োজিত ২১ দিনব্যাপী ধাত্রীবিদ্যা ও নার্সিং প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মহালছড়ি উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাবির আল আসিফ। এ সময় জোনের সামরিক কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মহালছড়ি জোন সূত্রে জানা যায়, স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ১৫ দিনব্যাপী কর্মশালায় ধাত্রীবিদ্যা ও নার্সিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রশিক্ষণের জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

মহালছড়ি জোনের এ ধরনের উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকার তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

অনুষ্ঠান শেষে অংশ নেওয়া ২৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।