ফেনী প্রতিনিধি : ফেনীর ফুলগাজী উপজেলার জি এম হাট ইউনিয়নের শরীফপুর গ্রামে নতুন সামাজিক সংগঠন ‘শরীফপুর সমাজকল্যাণ পরিষদের নতুন কার্যালয় উদ্বোধন, আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শরীফপুর সমাজের মুরুব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সংগঠনটির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শরীফপুর সমাজকল্যাণ পরিষদের সভাপতি ডা. আজিজ উল্লাহ ভূঁইয়া।
কার্যালয় উদ্বোধনের পর জি এম হাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শরীফপুর সমাজের এসএসসি সমমান ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি জি এম হাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় (A+) অর্জনকারী দুই শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
শরীফপুর সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের প্রত্যেককে ক্রেস্ট, বই ও দুটি করে গাছের চারা দেওয়া হয়। এছাড়া শরীফপুর সমাজ প্রবাসী ফাউন্ডেশন ও শরীফপুর সমাজকল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নগদ অর্থ উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীফপুর সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও শরীফপুর সমাজ প্রবাসী ফাউন্ডেশনের সমন্বয়ক জহির উদ্দিন পাটোয়ারী ও গিয়াস উদ্দিন খোকন।
অনুষ্ঠানে শরীফপুর সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও জি এম হাট উচ্চবিদ্যালয় ও জি এম হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শরীফপুর কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের ইমামসহ স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের পাশাপাশি সমাজের জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে শরীফপুর সমাজকল্যাণ পরিষদ ও শরীফপুর সমাজ প্রবাসী ফাউন্ডেশন সম্মিলিতভাবে কাজ করবে। ভবিষ্যতেও সমাজের মানুষের পাশে থেকে বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান সফল করতে যারা শ্রম, মেধা, সময় ও আর্থিক সহযোগিতা করেছেন, তাদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।