বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আইসিসিবিতে ট্যুরিজম ফেয়ার শুরু আজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। দেশি-বিদেশি পর্যটনপ্রেমীদের আকর্ষণ এবং পর্যটনশিল্পের ব্যাবসায়িক সম্ভাবনা বাড়াতে এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ মেলার উদ্বোধন করবেন। এ সময় একই মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানান, এবারের মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
এতে প্রায় ৩০০টি বুথ থাকবে। মেলায় হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইনস, সরকারি-বেসরকারি পর্যটনপ্রতিষ্ঠান, বিদেশি দূতাবাস ও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পর্যটনপণ্য ও সেবা প্রদর্শন করবে।

মেলার বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে ‘ডেস্টিনেশন বাংলাদেশ শোকেস’, ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম শোকেস’ এবং ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস’। পাশাপাশি বিটুবি সেশন, সেমিনার, ডেস্টিনেশন প্রেজেন্টেশন, প্যানেল আলোচনা, প্রোডাক্ট প্রমোশন ও নেটওয়ার্কিংয়ের আয়োজন থাকবে।
মেলায় বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইনের সাংস্কৃতিক পরিবেশনাও প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।