খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি বরাদ্দে অবৈধভাবে অতিরিক্ত সার মজুদ এবং বরাদ্দকৃত সার নির্ধারিত গুদামে না রেখে অন্যত্র সংরক্ষণের অপরাধে ২১ মেট্রিক টন সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড জেল দেওয়া হয়।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব দীঘিনালা ) ফারিয়া সুলতানা জানান,গোপন তথ্যের ভিত্তিতে বৃহসপতিবার দুপুর দেড় টার দিকে দীঘিনালা উপজেলার বোয়াখালী বাজারে অভিযান চালানো হয়।
অভিযানে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার সাজ্জাদ হোসেনকে (২৭) ১৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৭ দিনের জেল দেওয়া হয়। একই সাথে ২১ মেট্রিক টন সার জব্দ করা হয়েছে।
এদিকে সরকারি বরাদ্দের সার সঠিকভাবে সংরক্ষণ ও বিতরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করায় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি কৃষকদের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।