শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

হবিগঞ্জ প্রতিনিধি : ‎রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তিনজনসহ ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সাজেক যাওয়ার পথে বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

‎আটক ব্যক্তিদের মধ্যে মাধবপুর উপজেলার কমলানগর এলাকার সুশান্ত পাল, হারুন ইসলাম তুষার (২৩) ও রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩) রয়েছেন। অপর তিনজন ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালীর বাসিন্দা।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছয়জন একটি চাঁদের গাড়িতে করে সাজেকের উদ্দেশে যাচ্ছিলেন। বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় গাড়িতে থাকা কয়েকজন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’—এ ধরনের স্লোগান দেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালে তাঁদের আটক করা হয়।
‎পুলিশ জানায়, পরে পর্যটকদের বহনকারী গাড়িটি সাজেক থানার সামনে পৌঁছালে ছয়জনকে থানায় নেওয়া হয়।

‎সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

‎পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।