রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অপ্রতিমের অকালমৃত্যুতে মুশফিকের শোক

নিজস্ব প্রতিবেদক : অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অপ্রতিমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের করে আনার আহ্বান জানিয়েছেন তিনি।

মুশফিক তার পোস্টে লেখেন, ‘অপ্রতিমের অকালমৃত্যুর খবর সত্যিই হৃদয়বিদারক ও মেনে নেওয়ার মতো নয়।
যে বয়সে তার হাসি, খেলাধুলা আর স্বপ্নে বেড়ে ওঠার কথা ছিল, সেই বয়সেই তাকে এভাবে চলে যেতে হলো। তার পরিবার, বিশেষ করে তার মায়ের জন্য এই শোক কতটা গভীর তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

অপ্রতিমের আত্মার মাগফিরাত কামনা করে মুশফিক আরও লেখেন, ‘আল্লাহ অপ্রতিমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় সহ্য করার শক্তি ও ধৈর্য দিন।’

ঘটনার তদন্ত ও বিচার নিয়েও নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার।

তিনি বলেন, ‘আমরা আশা করি, এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হবে এবং প্রকৃত সত্য সবার সামনে আসবে। যারা দায়ী, তাদের যথাযথভাবে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হোক। একই সঙ্গে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানি বা অন্যায়ের শিকার না হন, সেদিকেও নজর রাখা জরুরি।’

অপ্রতিমের মৃত্যুতে ভবিষ্যতে যেন আর কোনো পরিবারকে এমন শোকের মুখোমুখি হতে না হয়, সেই প্রত্যাশাও জানিয়েছেন মুশফিক।

তিনি যোগ করেন, ‘আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি না হয়, আর কোনো পরিবার যেন এমন অসহনীয় শোকের মুখোমুখি না হয়…এটাই আমাদের প্রত্যাশা।’

অপ্রতিমের নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধারে তৎপরতা চালানো হলেও পরে তার মরদেহ উদ্ধারের খবর আসে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। অপ্রতিমের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা চলছে।