কুমিল্লা (দেবীদ্বার) প্রতিনিধি : কুমিল্লার দেবীদ্বারে মা ও আট মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে ইমন নামে এক যুবককে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। এ সময় ঠেকাতে গিয়ে আহত হয়েছেন শিশুটির মা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইমন (২৪) ওই বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে।
নিহতরা হলেন ইমনের মা পেয়ারা বেগম এবং তার আট মাস বয়সী ভাতিজি ইশরাত জাহান। হামলায় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা রাবেয়া বেগম।
তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ইমন কোনো কারণে হঠাৎ উত্তেজিত হয়ে তার আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে মেরে ফেলেন।
বাধা দিতে গেলে দা’ দিয়ে নিজের মা পেয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করেন ইমন। এসময় ঠেকাতে গেলে তার ভাবি (শিশুটির মা) রাবেয়া বেগমকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা এসে ইমনকে ধরে পাশের একটি ঘরে আটকে রাখেন আর রাবেয়াকে হাসপাতালে পাঠান। পরে পুলিশ এলে ইমনকে পুলিশে দেওয়া হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসেছি। অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ বলে জানা গেছে। তবে তিনি কেন এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।