বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবিতে পাইকারি সবজি ব্যবসায়ীদের ধর্মঘট

হাফিজুর রহমান হীরা, বরিশাল : বরিশাল নগরীর বহুমুখী সিটি পাইকারি সবজির বাজারে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে ধর্মঘট শুরু করেছে ব্যবসায়ীরা।

মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট শুরু করে পাইকারি কাঁচা বাজার ব্যবসায়ীরা। এতে বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজারে সব ধরনের সবজি আমদানি রপ্তানি এবং লেনদেন বন্ধ রয়েছে।

ব্যবসায়ী লোকমান জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র বাজারে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে একই সাথে প্রতিটি আড়ৎ থেকে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে মারধর করার অভিযোগও করেন ব্যবসায়ীরা। এ অবস্থায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগও দেয়া হয়েছে।

ব্যবসায়ীদের ধর্মঘটের কারনে পাইকারি সবজির বাজার থেকে কোন সবজি সরবরাহ না হওয়ায় এর প্রভাব পরতে পারে খুচরা বাজারে বলে জানিয়েছে খুচরা ব্যবসায়ী ইমরান। তিনি বলেন, এখানে ধর্মঘট চলতে থাকলে সবজির বাজার চড়া দামে ভোগান্তিতে পড়বে সাধারণ ক্রেতারা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার পুলিশ জানিয়েছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি অভিযোগ দেয়ার পর একজনকে আটক করা হয়েছে। নিরাপত্তার বিষয়ে মার্কেটে পুলিশ ফোর্স মোতায়ন করা হয়েছে।