বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বাংলাদেশের হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামের নিয়োগে সম্মতি দিল্লির

নিজস্ব প্রতিবেদক : ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামের নিয়োগে সম্মতি দিয়েছে দিল্লি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার নিয়োগে সম্মতি দেওয়া হয়।

সূত্র জানায়, গত জুলাই মাসে দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের এগ্রিমো (সম্মতিপত্র) চেয়ে পাঠানো হয়। তবে ভারতের পক্ষ থেকে এতে দেরি হচ্ছিল।
তবে মঙ্গলবার এ বিষয়ে চূড়ান্ত অনুমতি দেয় দিল্লি।

এই এগ্রিমো পেতে বিলম্ব হওয়ার বিষয়ে গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছিলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা ভারত সরকারের কাছ থেকে কোনো ডেফিনেট স্টেটমেন্ট (সুনির্দিষ্ট বিবৃতি) না আসা পর্যন্ত এসব নিউজের আমল না দিতে আমি অনুরোধ করব এবং এসব নিউজ না করারও আমি অনুরোধ করব।

উল্লেখ্য, বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম দিল্লিতে হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। আর পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেবেন সালাহউদ্দিন চৌধুরী নোমান।
তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধি ছিলেন। এদিকে ভারতে নিযুক্ত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জেনেভায় জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দেবেন।