বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালে যুবদলের মিছিল

হাফিজুর রহমান হীরা, বরিশাল : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালে সমাবেশ ও মিছিল করেছে যুবদল।

মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বেলা ১২ টায় নগরীর সদর রোডে পৃথক ভাবে সমাবেশ ও মিছিল করেছে জেলা ও মহানগর যুবদল।

নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করে বরিশাল মহানগর যুবদল। সংক্ষিপ্ত সমাবেশ শেষে নগরীতে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে বক্তব্য রাখেন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রনি, মাজহারুল ইসলাম জাহান, সাবেক ছাত্র নেতা মুশফিকুর রহমান অভি সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে জেলা দক্ষিণ যুবদল। সমাবেশ শেষে তারাও নগরীতে মিছিল বের করে। এসময় সদর উপজেলা যুবদল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সদর রোডে জড়ো হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু সহ আরো অনেকে।

সমাবেশে নেতাকর্মীরা দেশে নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসীদের প্রতিহত করার ঘোষনা দেন। এসময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানানো হয়।