স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পুরুষ দ্বৈত বিভাগের রাউন্ড অব ৩২-এর ম্যাচে কাজাখস্তানকে সরাসরি দুই গেমে উড়িয়ে দিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছেন বাংলাদেশের গৌরব সিংহ ও আয়মান ইবনে জামান জুটি।
শুক্রবার ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেশিয়ামের কোর্ট-২-তে কাজাখ জুটির মুখোমুখি হন দুই লাল-সবুজ প্রতিনিধি। প্রতিপক্ষ আরতুর নিয়াজভ ও খাইতমুরাত কুলমাতভের বিরুদ্ধে শুরু থেকেই ম্যাচের গতি নিজেদের নিয়ন্ত্রণে রাখেন গৌরব-আয়মান।
প্রথম গেমে প্রতিপক্ষকে কার্যত কোনো সুযোগই দেননি তারা। ঝড়ো পারফরম্যান্সে ২১-৮ ব্যবধানে প্রথম গেমটি পকেটে পুরে নেয় বাংলাদেশ।
দ্বিতীয় গেমেও সেই দাপট অব্যাহত রেখে ২১-১২ ব্যবধানে জয় নিশ্চিত করে ম্যাচ নিজেদের করে নেন তারা।
কাজাখ জুটিকে ২-০ গেমে উড়িয়ে দিয়ে ঐতিহাসিক এই জয় ছিনিয়ে নেয় লাল-সবুজ প্রতিনিধিরা। উল্লেখ্য, এশিয়ান গেমসের ব্যাডমিন্টন ইভেন্টে এবারই প্রথম অংশগ্রহণ করছে বাংলাদেশ। আর প্রথমবার অংশ নিয়েই শেষ ষোলো নিশ্চিত করে ইতিহাস গড়লেন গৌরব ও আয়মান।