খুলনা প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহার, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন এবং মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে খুলনায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২৭ সেপ্টেম্বর খুলনা মহানগরীর রয়েল মোড়সহ বিভাগের বিভিন্ন এলাকায় পরিচালিত ছয়টি টিমের অভিযানে হাসপাতাল-ডায়াগনস্টিকসহ কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের ছয়টি টিম এদিন তদারকি অভিযান পরিচালনা করে। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয়-বিক্রয় ভাউচার যাচাই করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে মহানগরীর সদর থানার রয়েল মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এস সামাদ মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিককে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহারের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ আদায় করা হয়।
একই এলাকায় খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এতে সাতক্ষীরা আদি যাদব ঘোষ ডেয়ারিকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে ৫ হাজার টাকা, স্পা জেন্টস পার্লার অ্যান্ড সেলুনকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা এবং সিটি কুইন্স ডায়াগনস্টিককে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহারের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২৭ সেপ্টেম্বর খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণে ছয়টি টিম তদারকি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম বলেন, অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।