বুধবার, ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮ রমজান, ১৪৪৭ হিজরি

ব্রাহ্মণবাড়িয়া-৬ প্রার্থী সাকির চেয়ে স্ত্রীর আয়-সম্পদ বেশি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে গণসংহতি আন্দোলনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের প্রধান সমন্বয়কারী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি ওরফে জোনায়েদ সাকি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি জোটের প্রার্থীও তিনি। গত ২৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামায় দেখা গেছে, সাকির তুলনায় তার স্ত্রী তাসলিমা আক্তারের বাৎসরিক আয় ও স্থাবর সম্পদ বেশি।

জোনায়েদ সাকি পেশায় প্রকাশক, আর তার স্ত্রী তাসলিমা আক্তার আলোকচিত্রী ও শিক্ষক।

হলফনামায় সাকি উল্লেখ করেছেন, তিনি বছরে ৭ লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা আয় করেন। এর মধ্যে ব্যবসা থেকে আয় ১ লাখ ২০ হাজার ১৪১ টাকা, সঞ্চয়পত্র থেকে ২ হাজার ৭৯৫ টাকা এবং পেশা থেকে ৬ লাখ ৫০ টাকা। অন্যদিকে তার স্ত্রীর বাৎসরিক আয় ২৩ লাখ ৯ হাজার ২১১ টাকা। তিনি স্থাবর সম্পদ থেকে ভাড়া পান ৪ লাখ ৮০ হাজার ৪০০ টাকা, সঞ্চয়পত্র থেকে ৩ লাখ ১০ হাজার ৩৬৯ টাকা, পেশা থেকে ৬ লাখ ৯০ হাজার টাকা এবং বাড়ি-দোকান ভাড়া থেকে ৮ লাখ ২৮ হাজার টাকা।

স্থাবর সম্পদের মধ্যে জোনায়েদ সাকির নামে রয়েছে ১১ একর অকৃষি জমি এবং একটি ফ্ল্যাটের জন্য অগ্রিম জমা দেওয়া হয়েছে ৩ লাখ ২০ হাজার টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ১৮ দশমিক ১৮ পয়েন্ট কৃষি জমি, একটি ফ্ল্যাট ও একটি দোকান।

২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী জোনায়েদ সাকির সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা। অন্যদিকে তার স্ত্রীর আয়কর রিটার্নে সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে এক কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকা। এছাড়া জোনায়েদ সাকির বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই।

মো. জোনায়েদ আব্দুর রহিম সাকির স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলহনিয়া গ্রামে। তার বাবার নাম মৃত মো. ফজলুর রহমান এবং মা মাসুদা খানম। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি বি.এ পাশ করেছেন।