বুধবার, ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮ রমজান, ১৪৪৭ হিজরি

এক মাসে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবে এমন সরকার পৃথিবীর ইতিহাসে নেই : নুরুল হক নুর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, পৃথিবীর ইতিহাসে এমন সরকার কম পাওয়া যাবে, যারা দায়িত্ব নেয়ার এক মাসের মধ্যে এতোগুলো বড় প্রজেক্ট হাতে নেয়। অনেকে বলেছে যে, ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। মানে এক মাসে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবে এমন সরকার পৃথিবীর ইতিহাসে নেই।

মঙ্গলবার বিকেলে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ মাঠে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা গণঅধিকার পরিষদের উদ্যোগ আয়োজিত রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির দেশব্যাপী ফ্যামিলি কার্ড তুলে দেওয়া, কৃষি কার্ড ও চিকিৎসা কার্ড বিতরণ ইতিবাচক মনোভাব গড়ে উঠছে। সারাদেশে খাল খনন শুরু হয়েছে। অনেকে নানা ধরণের সমালোচনা করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যানুয়াল পদ্ধতিতে খাল খনন করছেন কারণ ম্যানুয়াল পদ্ধতিতে খাল খনন হলে গ্রামীণ জনগোষ্ঠী উপকৃত হবে।

তিনি আরও বলেন, আপনারা দোয়া করবেন আগামী পাঁচ বছর যেন আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে থেকে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি।

গণঅধিকার পরিষদ টঙ্গী পূর্ব থানার সভাপতি মোশতাক সরকার টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

তিনি বলেন, আওয়ামী লীগ নিজে নিজেরাই ইফতার করেছে, কাউকে ডাকেনি।আজকের এই পরিবেশ একটি সুন্দর বাংলাদেশের দৃশ্য। আমরা সবাই মিলেমিশে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান খান, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক মাহমুদ হাসান রাজু, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল, পূর্ব থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী প্রমুখ।