মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

নভোএয়ারের ১৪তম বর্ষে টিকেটে বিশেষ ছাড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম বিমান সংস্থা নভোএয়ার আগামী ৯ জানুয়ারি সাফল্যের সঙ্গে ১৪তম বর্ষে পদার্পণ করছে। এ উপলক্ষে বৃহস্পতিবার থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করেছে প্রতিষ্ঠানটি।

নভোএয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীদের জন্য এক মাসের বিশেষ অফার ঘোষণা করা হয়েছে। এ সময়ে টিকিটের মূল্যে ১৪ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা। অফারটি উপভোগ করতে নভোএয়ারের বিক্রয় কেন্দ্র, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকিট ক্রয় করা যাবে। এছাড়া ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকিট কিনতে VQANNI14 প্রমোকোড ব্যবহার করা যাবে।

২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহনের মাধ্যমে নভোএয়ারের যাত্রা শুরু হয়। স্বল্প সময়ের মধ্যেই যাত্রীসেবার মান, সময়ানুবর্তিতা ও নিরাপত্তার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি আকাশপথে ভ্রমণে যাত্রীদের কাছে একটি আস্থাশীল নাম হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

গত ১৩ বছরে নভোএয়ার ১ লাখ ৪২ হাজারেরও বেশি ফ্লাইট পরিচালনা করেছে এবং ৮ মিলিয়নের বেশি যাত্রীকে সেবা দিয়েছে। যাত্রীসেবাকে আরও সহজ, আধুনিক ও মানসম্মত করতে প্রতিষ্ঠানটি দেশের প্রথম বিমান সংস্থা হিসেবে চালু করেছে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’, কো-ব্র্যান্ডেড কার্ড, টিকিট ক্রয়ের জন্য মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা। পাশাপাশি স্মাইলস মেম্বারদের জন্য বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের আউটলেটে বিশেষ ছাড় এবং বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রামের মাধ্যমে অতিরিক্ত সুবিধা প্রদান করছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়িক সহযোগী এবং সম্মানিত যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, সময়ানুবর্তী ফ্লাইট ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার মাধ্যমে যাত্রীদের চাহিদা পূরণ এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে নভোএয়ার আজ আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সামনের দিনগুলোতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে যাত্রীসেবা আরও উন্নত করাই আমাদের অঙ্গীকার।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে ১৩৬০৩ নম্বরে অথবা www.flynovoair.com ওয়েবসাইটে।