রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ শাবান, ১৪৪৭ হিজরি

গাজীপুর-২ আসনে ১১ দলীয় জোটের শোভাযাত্রায় বাধা ও হত্যাচেষ্টার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর-২ সংসদীয় আসনে ১১ দলীয় জোট সমর্থিত শাপলা কলি মার্কার নির্বাচনী শোভাযাত্রায় বাধা, পরিকল্পিত উত্তেজনা সৃষ্টি এবং জোট প্রার্থী অ্যাডভোকেট আলী নাছের খানকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে মহানগরের ২৩ নং ওয়ার্ডের পোড়াবাড়ী এলাকায় এসব ঘটনা ঘটে বলে ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

গাজীপুর-২ আসনের জোট প্রার্থী আলী নাসের খান জানান, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী শোভাযাত্রা মহানগরের পোড়াবাড়ী এলাকায় মূল সড়কে পৌঁছালে ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির প্রচারণার মাইক বহনকারী একটি অটোরিকশা শোভাযাত্রার গতিরোধ করে উচ্চস্বরে মাইক বাজাতে থাকে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে নেওয়ার স্বার্থে সরে যেতে অনুরোধ জানানো হলেও উস্কানিমূলক আচরণ অব্যাহত থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শোভাযাত্রা রাস্তা পার হয়ে পোড়াবাড়ী বাজারের দিকে গেলে ২১ নং ওয়ার্ড যুবদলের ক্যাডার সুমন সরকার এবং গাজীপুর-২ আসনের এক প্রার্থীর চাচা পরিচয়দানকারী ব্যক্তি ধানের শীষের স্টিকারযুক্ত একটি প্রাইভেট কার দিয়ে গাড়িচাপা দিয়ে প্রাণনাশের চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শোভাযাত্রা পশ্চিম পাশে পোড়াবাড়ী বাজারে পৌঁছালে বিএনপির প্রার্থী মঞ্জুরুল করিম রনির স্টিকারসম্বলিত একটি নির্বাচনী গাড়ি উদ্দেশ্যমূলকভাবে শাপলা কলির পদযাত্রার গতি রোধ করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেন। এসব ঘটনাকে ফৌজদারি অপরাধ, আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন ও সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে ১১ দলীয় জোট তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

১১ দলীয় জোটের অভিযোগ, নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় ধারাবাহিকভাবে এমন ঘটনার সৃষ্টি হচ্ছে।

প্রার্থীর নির্বাচনী প্রচারণাকালে পরিকল্পিতভাবে প্রথমে ধানের শীষের প্রচার গাড়ি, পরে একটি দ্রুতগতির মোটরসাইকেল এবং সবশেষে একটি সাদা প্রাইভেট কার দিয়ে অ্যাডভোকেট আলী নাছের খানের ওপর উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এতে প্রার্থী অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও এনসিপি জেলা সদস্য সচিব খন্দকার আল আমিন গুরুতর আহত হন বলে জানানো হয়েছে। এর আগে ৩০ জানুয়ারি এরশাদনগর ৫ নম্বর ব্লকের ছোট বাজারে শাপলা কলির প্রচারণায় বাধা এবং পোড়াবাড়ী বাজারে স্থাপিত অ্যাডভোকেট আলী নাছের খানের নির্বাচনী বিলবোর্ড ছিঁড়ে ফেলার ঘটনাও তুলে ধরা হয়।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন,আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট আলী নাছের খানের জন্য একজন গানম্যান নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রার্থীর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে অতিরিক্ত গানম্যান ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোথাও আইনশৃঙ্খলার অবনতি ঘটতে দেওয়া হবে না এবং সব প্রার্থীর জন্য সমানভাবে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এই প্রেক্ষাপটে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ সন্ত্রাসী হামলার চেষ্টা, প্রচারণায় বাধা ও বিলবোর্ড ভাঙচুরের ঘটনায় নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।