ঢাবি প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক পথশিশুকে ধর্ষণের চেষ্টাকালে এক যুবককে হাতেনাতে আটক করেছেন শিক্ষার্থীরা। সলিমুল্লাহ মুসলিম হলসংলগ্ন ফুটপাতে ঘটে যাওয়া এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
এই ঘটনাকে ‘এক কলঙ্কময় রাত’ আখ্যা দিয়ে বুধবার (৪ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।
তিনি লিখেছেন, “এক কলঙ্কময় রাত থেকে রক্ষা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।”
পোস্টে তিনি উল্লেখ করেন, মাহবুবুর রহমান নামের ওই যুবক পার্শ্ববর্তী পলাশী মার্কেটে দুধ সরবরাহের কাজ করেন। সেদিন রাতে সলিমুল্লাহ মুসলিম হলের পাশের ফুটপাতে এক পথশিশুকে ধর্ষণের চেষ্টাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।
সর্ব মিত্র চাকমা জানান, সিভিল সোসাইটির শর্তানুযায়ী কোনো ধরনের শারীরিক আঘাত ছাড়াই তাকে শাহবাগ থানায় আনা হয়। সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থীরা তাকে ফোনে বিষয়টি জানালে তিনি দ্রুত থানায় যান। অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা স্বীকার করে এবং জানান, শয়তানের প্ররোচনায় তিনি এ কাজ করেছেন।
তিনি আরও লিখেছেন, শিশুটির নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। সাধারণত ধর্ষণ চেষ্টায় উল্লেখযোগ্য প্রমাণাদি থাকে না। কৌশলে জিজ্ঞেস করলে অভিযুক্ত স্বীকার করে, কিন্তু তা কোনো কনক্রিট প্রমাণ নয়। মামলার খরচ, আইনি জটিলতা এবং বাদী হওয়ার অনীহার কারণে মামলা না দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, “যারা কথায় কথায় আইনের দোহাই দেন, এবার একটু চোখ খুলুন। দেখুন, আমি আইনের বাইরে যেতে পারিনি আজ! আইন কতভাবে আমাদের হাত-পা বেঁধে রেখেছে, দেখুন!”