নিজস্ব প্রতিবেদক : ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার নমুনায় ‘বেনজোডায়াজেপিনস’ ও ‘অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন’ পজিটিভ শনাক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেয় সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত এই পুলিশ কর্মকর্তা গত ৮ জানুয়ারি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্সে অংশ নেন।
কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে ডোপ টেস্ট করা হলে তার প্রতিবেদনে মাদকের উপস্থিতি মেলে।
সিএমএইচের ডোপ টেস্টের এই ফল ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলার পরিপন্থি এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের শামিল। ফলে গত ৩১ আগস্ট থেকে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে জারি করা এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।