নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে চালু থাকা রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব ফিলিং স্টেশনে আগের মতোই স্বাভাবিকভাবে গ্রাহকদের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ ও বিক্রি চলবে।
রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ কথা জানান। তবে কেউ এই সুযোগে জ্বালানি তেল মজুত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ইরান-ইসরাইল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ লাইনে সৃষ্ট সমস্যার ফলে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। এরই মধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদ যাত্রা নির্বিঘ্নে পালন এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধি নিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকে সব বিতরণ পয়েন্টে গ্রাহকের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকারি এই সিদ্ধান্ত প্রতিপালনে যদি কোনো গাফিলতি দেখি, দায়িত্বহীনতা পরিলক্ষিত হয়—তাহলে অবশ্যই জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।