মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

শিশুর নিরাপত্তায় পরীমণির আবেগঘন আহ্বান

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি আবারও আলোচনায় এসেছেন মানবিক উদ্যোগের কারণে। এক মাদকাসক্ত মায়ের কাছ থেকে তিন মাস বয়সী শিশুকে উদ্ধারের আকুতি জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন।

শিশুটির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি দ্রুত মাকে রিহ্যাব বা মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।

পরীমণি জানিয়েছেন, শিশুটির মা ইয়াবায় আসক্ত এবং বাবা অর্থ আত্মসাতের মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। এ অবস্থায় শিশুটি মায়ের কাছে নিরাপদ নয় বলে দাবি করেন তিনি। পোস্টে শিশুটির মাকে উদ্দেশ্য করে লেখেন, শেষ সুযোগ দেওয়ার জন্যই এই বার্তা দিচ্ছেন, পরিস্থিতি না বদলালে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

যদিও শিশুটির মা তাকে সব যোগাযোগ মাধ্যমে ব্লক করে রেখেছেন, পরীমণি আশা করছেন তার বার্তা নজরে আসবে এবং পরিস্থিতি কাটিয়ে উঠতে সহায়ক হবে। তিনি লিখেছেন, “তুমি আমাকে ব্লক করলেও আশা করি এটা দেখবে এবং তোমার অবস্থার পরিবর্তনে সহযোগিতা করবে।”

নেটিজেনরা পরীমণির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই শিশুটিকে দ্রুত নিরাপদ করার আহ্বান জানিয়েছেন।

উত্তরে পরীমণি জানিয়েছেন, তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। মন্তব্যকারীদের অনেকেই মা হিসেবে তার মমত্ববোধের প্রশংসা করেছেন।