মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

বিয়ের প্রস্তুতিতে আলোচনায় আনুশকা শেঠি

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠিকে ঘিরে বিয়ের গুঞ্জন নতুন নয়। দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ থাকলেও এবার বিষয়টি আরও স্পষ্ট আকারে সামনে এসেছে।

সিয়াসাত ডটকমের সূত্রে জানা গেছে, ‘বাহুবলি’ খ্যাত এই অভিনেত্রী অবশেষে বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন।

জানা যায়, আনুশকা শেঠি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ভাবছেন। ওই ব্যবসায়ী তার পরিবারের পরিচিত এবং দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা চলছে। দিন-তারিখ চূড়ান্ত হলে ঘরোয়া আয়োজনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে।

আনুশকা বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছেন। প্রেম ও বিয়ে নিয়ে নানা সময়ে গুঞ্জন ছড়ালেও খুব কমই প্রকাশ্যে কথা বলেছেন। ফলে নতুন খবর এলেই ভক্তদের কৌতূহল বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি।

উল্লেখ্য, ‘বাহুবলি’ সিনেমায় প্রভাসের সঙ্গে আনুশকার পর্দার রসায়ন দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। সেই সূত্রে বাস্তব জীবনেও তাদের জুটি নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়। যদিও দুজনই এ গুঞ্জন অস্বীকার করেছেন।

আনুশকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ঘাটি’। বর্তমানে তিনি মালায়ালাম ভাষার ‘কাঠানার’ সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজে ব্যস্ত। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই ছবিটি মুক্তি পাবে।