হাফিজুর রহমান হীরা, বরিশাল : বরিশালে যথাযথ মর্যাদায় এবং নানা আয়োজনে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস।
আজ বৃহস্পতিবার একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের শুভ সুচনা হয়। এর পর সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় প্রশাসনের পক্ষে বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, রেঞ্জ ডি আই জি মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ সর্বস্তরের মানুষ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপরপরই শহীদ বেদীতে বিভিন্ন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সেখানে মানুষের ঢল নামে। অনেকে ব্যাক্তিগত ভাবেও শ্রদ্ধা জানাতে হাজির হন ফুল নিয়ে।
এসময় আগতরা বলেন, নতুন প্রজন্মের মাঝে আজকের দিনের তাৎপর্য তুলে ধরতে হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এছাড়া আগামীর বাংলাদেশ বিনির্মানে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান আগতরা।
এছাড়াও নগরীর ত্রিশ গোডাউন বদ্ধ ভূমিতেও প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে, দিবসটি উপলক্ষে আজ সকাল ৮ টায় নগরীর বেলস পার্ক মাঠে জেলা প্রশাসনের আয়োজনে কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাস্মাদ মাহফুজুর রহমান। পরে আনুষ্ঠানিকভাবে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন তিনি।
এরআগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বরিশালের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুজকাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ডিসপ্লে করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।