সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

টঙ্গীতে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই, কনস্টেবল আহত, পাঁচজন গ্রেপ্তার

ঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে পুলিশের উপর হামলা ও পাথর নিক্ষেপ করে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীদের হামলায় মাসুদ (৩০) নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- মোজাম্মেল হোসেন (৩০), আশরাফুল ইসলাম (২৪), নাইম মিয়া (২৮), সোহাগ (৩০) ও আদর (২১)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কেরানীরটেক মাদক বস্তি থেকে কুখ্যাত মাদক সম্রাজী রানী বেগমের ছেলে পাঁচটি গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে (২৭) গ্রেপ্তার করে। এরপর টঙ্গী রেলওয়ে স্টেশন দিয়ে নিয়ে আসার সময় মাদক কারবারিরা পুলিশের উপর হামলা চালায়। এসময় তারা পুলিশের উপর এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করে গ্রেফতারকৃত আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল ঘিরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। তবে পলাতক রাহুলকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীরা জানান, পুলিশের উপর হামলা ও পাথর নিক্ষেপ করে গ্রেপ্তারকৃত আসামিকে হ্যান্ডকাফ পড়া অবস্থায় ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে রেললাইনের পাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে হ্যান্ডকাফটি উদ্ধার করে নিয়ে যায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ টঙ্গীর বিভিন্নস্থানে রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। তবে পলাতক রাহুলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুূুদুল আলম হ্যান্ডকাফসহ আসামী ছিনিয়ে নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, পাঁচটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসার সময় সন্ত্রাসীরা হামলা ও পাথর ছুঁড়ে আসামি ছিনিয়ে নিয়ে যায়। এসময় পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ আহত হয়। এই ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।