রবিবার, ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে ছাই ৩৫ দোকান

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে গেছে ৩৫টি দোকান। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি টাকা।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে দীঘিনালার প্রধান বাণিজ্যিক কেন্দ্র বোয়ালখালী নতুন বাজারের কাপড় গলির একটি দোকান থেকে আগুনে সূত্রপাত ঘটে। খবর পাওয়ার পর দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কাপড়ের দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। পরে খাগড়াছড়ি জেলা সদর থেকে আসা ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে। প্রায় দেড় ঘন্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে সকালে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক ও জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাতসহ প্রশসনের উধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করে ক্ষতিগ্রস্তদে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৩৫টি দোকান পুড়ে গিয়ে আনুমানিক ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, রাত ৩টা ১০ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।