রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : নবম ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসের পোর্ট লুইসে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পোর্ট লুইসে মন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য বাংলাদেশের প্রার্থিতার সমর্থন চাইবেন।

গতকাল শুক্রবার মরিশাসের রাজধানীতে এ সম্মেলন শুরু হয়েছে। এতে ভারত মহাসাগরীয় অঞ্চলের নেতৃবৃন্দ, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা সমবেত হয়ে আঞ্চলিক সহযোগিতা, অভিন্ন দায়িত্ব এবং ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণকারী দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের (২০২৬-২৭) সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার সমর্থন আদায়ে এই প্ল্যাটফর্ম কাজে লাগাতে চায় ঢাকা।

পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ইন্ডিয়া ফাউন্ডেশন, মরিশাস সরকার এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ সম্মেলনের অনুষ্ঠিত হচ্ছে।

ড. খলিলুর রহমান গত বুধবার নয়াদিল্লিতে একাধিক বৈঠক শেষে মরিশাসে যান। ভারতের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও সম্মেলনে অংশ নিচ্ছেন।