মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদ একটি মানসিক রোগ, যা ক্ষমতার অপব্যবহার ও জবাবদিহিতার অভাব থেকে জন্ম নেয়।
তিনি বলেন, ‘ক্ষমতার মধ্যে ভাইরাস থাকে, যা নিয়ন্ত্রণ না করলে তা ফ্যাসিবাদে রূপ নিতে পারে। এ কারণে সরকার শুরু থেকেই ক্ষমতার অপব্যবহার রোধে সতর্ক অবস্থানে রয়েছে এবং জনপ্রতিনিধিদের জন্য বিভিন্ন সুবিধা গ্রহণে সংযম প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।’
বুধবার (১৫ এপ্রিল) ঢাকায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে সচেতন ও দায়িত্বশীল গণমাধ্যম। অতীতের অপরাধ ও অন্যায়ের বিচার নিশ্চিত করতে হলে ক্ষতিগ্রস্তদের আইনি প্রক্রিয়ায় অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, ‘অন্যথায় এসব অভিযোগ শুধু রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ থাকবে এবং ভবিষ্যতে নতুন করে ফ্যাসিবাদের ঝুঁকি তৈরি হবে।’
গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই রাষ্ট্রের মালিক উল্লেখ করে তিনি বলেন, সেই মালিকানার চর্চা নিশ্চিত করার প্রধান মাধ্যম হলো নির্বাচন।
গণমাধ্যম খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, সাংবাদিকদের জন্য ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করতে সরকার কাজ করছে।
ফটোসাংবাদিকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি শক্তিশালী ছবি কখনো কখনো ইতিহাসের ভাষ্য হয়ে ওঠে এবং সমাজের বাস্তবতা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তির বিকাশে গণমাধ্যমের কাজের ধরনে পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি ফটোসাংবাদিকদের এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রশিক্ষিত হওয়ার আহ্বান জানান।
তিনি আরো জানান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্তমান ভবনে ফটো সাংবাদিকদের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেয়া হবে।
সভায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি বাসির জামাল, প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, বিপিজেএ সভাপতি একে এম মহসীন ও সেক্রেটারি বাবুল তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।